ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা, চরমপন্থী সংগঠন দায় স্বীকার করে বার্তা দিয়েছে

 


ঝিনাইদহের শৈলকুপায় চরমপন্থীরা ৩ জনকে গুলি করে হত্যা করেছে। নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে যে, তারা চরমপন্থী দলের সঙ্গে সম্পৃক্ত ছিল।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের রামচন্দ্রপুর শ্মশানঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে, এবং তাদের মাথায় গুলির চিহ্ন রয়েছে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আহাদনগর গ্রামের আবু হানিফ ওরফে হানিফ আলী (৫৬) এবং তার শ্যালক শ্রীরামপুর গ্রামের লিটন (৩৫)। নিহত হানিফ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ) এর আঞ্চলিক নেতা ছিলেন।

এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জাসদ গণবাহিনীর কালু নামের এক ব্যক্তি স্থানীয় সাংবাদিকদের কাছে একটি মেসেজ পাঠিয়েছে। হোয়াটসঅ্যাপ বার্তায় দাবি করা হয়, "এতদ্বারা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর ও খুলনাবাসীর উদ্দেশ্যে জানানো যাইতেছে যে, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা মো. হানিফ তার দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। তাদের মরদেহ রামচন্দ্রপুর ও পিয়ারপুর ক্যানালের পাশে রাখা আছে। অত্র অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে। কালু, জাসদ গণবাহিনী।

নিহত হানিফ ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের আব্দুর রহমান হত্যা মামলায় তার বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়। উচ্চ আদালতে সেই রায় বহাল থাকার পর হাসিনা সরকারের সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিশেষ ক্ষমার মাধ্যমে তিনি এলাকায় ফিরে আসেন।

শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের মতিয়ার রহমান জানান, রাতে স্থানীয়রা গোলাগুলির শব্দ শুনে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়, এবং তারা সবাই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, "আমরা আমাদের সোর্সের মাধ্যমে খবর পাই যে ওই এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপর নিশ্চিত হওয়া যায় ঘটনাস্থলে তিনটি মরদেহ পড়ে আছে। মরদেহের পাশে দুটি মোটরসাইকেল রয়েছে। তবে তাদের মধ্যে একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। কেন এই ঘটনা ঘটেছে, তা তদন্তের আগে বলা সম্ভব নয়।

Post a Comment

0 Comments